টাঙ্গাইলের ভূঞাপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নাজিম উদ্দিন তালুকদার (৬৫) নামের এক বৃদ্ধ মৃত্যু বরণ করেছেন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বিলচাপড়া গ্রামের চান মাহমুদের ছেলে। সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা মৃত নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন করেন।
উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া খাজা নাজিম উদ্দিন তালুকদার ঢাকার শ্যামলী পিসি কালচার সেন্টারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি সর্দিকাশি ও জ্বরে ভোগেন। পরে রবিবার অসুস্থতা বোধ করলে রাতে তার পরিবারের সদস্যরা প্রাইভেটকার ভাড়া করে গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে সোমবার ভোররাতে নাজিম মারা যায়।
পরে তার দাফনে স্থানীয়রা বাঁধা দিলে প্রশাসনের হস্তক্ষেপে ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় বিলচাপড়া কবরস্থানে দুপুরে দাফন করা হয়।
এসময় জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন, থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আনিছুর রহমানসহ স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহম্মেদ জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর
