‘তিন তালাক’-এ মোদি একা!

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১২:১৮

ভারতের ‘তিন তালাক’ বিল নিয়ে একপ্রকার একা হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন তালাক নিয়ে বিরোধীরা হয়েছে এককাট্টা। সেই সঙ্গে চিন্তা বাড়াল ভারতের এনডিএ-র শরিক দল নীতীশ কুমারের জেডিইউ। সাধারণত সরকারের দিকে ঝুঁকে থাকা দুই দল, এডিএমকে ও বিজু জনতা দলও রাজ্যসভায় তিন তালাক বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।  

কংগ্রেস, তৃণমূল, সপা, বসপা, বাম, ডিএমকে, তেলুগু দেশম-সহ সব বিরোধী দল মঙ্গলবার রাজ্যসভায় এককাট্টা হয়ে দাবি তুলে, কেন্দ্রের তিন তালাক বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। সরকারকে চাপে ফেলে নীতীশ কুমারের দল জানিয়ে দেয়, এ নিয়ে ভোটাভুটি হলে তারা তাতে অংশ নেবে না। ফলে তিন তালাক বিল ঝুলেই রইল।

এর আগে দেশটিতে বিরোধীরা লোকসভাতেই দাবি তুলেছিলেন, তিন তালাক বিলটি যৌথ সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। কিন্তু সংখ্যার জোরে মোদি সরকার বিল পাশ করিয়ে নিয়েছিল।  

কিন্তু রাজ্যসভায় সরকারের পক্ষে সেই সংখ্যা নেই। বিরোধিতার মুখে পড়তে হবে জেনেও, আজ মঙ্গলাবার রাজ্যসভায় তিন তালাক বিল পেশ করে মোদি সরকার। বিল পাশে নজর রাখতে রাজ্যসভায় বিজেপি সভাপতি অমিত শাহ নিজে হাজির ছিলেন।

কিন্তু বিরোধীরাও সকাল থেকেই বৈঠক করে তৈরি ছিলেন। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিরোধীদের হয়ে প্রস্তাব আনেন, বিল সিলেক্ট কমিটিকে পাঠানো হোক। প্রস্তাবিত কমিটির সদস্যদের নামও সুপারিশ করেন বিরোধীরা। তাতে এডিএমকে-র সাংসদেরও নামও ছিল। সরকারকে চাপে ফেলে বিজু জনতা দলও জানিয়ে দেয়, সরকারের বিলে তাদের আপত্তি রয়েছে।

জেডিইউ লোকসভায় ভোটাভুটিতেও অংশ নেয়নি। কিন্তু লোকসভায় জেডিইউ-র মাত্র দু’জন সাংসদ। রাজ্যসভায় ছয়জন।
রাজ্যসভায় এডিএমকে, বিজু জনতা দল এবং জেডিইউ-র সমর্থন না মিললে কোনওভাবেই বিল পাশ করানো সম্ভব নয় বুঝে রাজনৈতিক আক্রমণ শুরু করেন কেন্দ্রের মন্ত্রীরা।

সংসদীয় প্রতিমন্ত্রী বিজয় গয়াল অভিযোগ তোলেন, কংগ্রেস রাজনীতি করে তিন তালাক বিলে বাধা দিচ্ছে। মুসলিম বা মুসলিম মহিলাদের স্বার্থে তিন তালাকে শাস্তির নিদান করে বিল আনা হচ্ছে। কংগ্রেস-সহ বিরোধীরা তাতে বাধা দিচ্ছেন। বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদের পাল্টা অভিযোগ, মোদি সরকার সংসদীয় কমিটিতে বিল নিয়ে আলোচনার প্রথাই তুলে দিতে চায়। হট্টগোলে বুধবার পর্যন্ত সভা মুলতুবি করেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ।

আরো পড়ুন:  তালেবানের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করল ইরান 

চার মাস আগে ডেপুটি চেয়ারম্যান পদে ভোটাভুটির সময়েই, এনডিএ-র পক্ষে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও বিজেপি নেতারা কংগ্রেসকে হারিয়ে জেডিইউ-র হরিবংশকে জিতিয়ে এনেছিলেন। সে সময় এডিএমকে, বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেসের ভোট পেয়েছিলেন এনডিএ প্রার্থী। কিন্তু চার মাস পরে সেই পুরনো মিত্ররাই আর তিন তালাক নিয়ে মোদি সরকারের পাশে দাঁড়াতে রাজি নয়। তথ্যসূত্র: আনন্দবাজার।  

ইত্তেফাক/এসআর