বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কোচ পাইবাস

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৩:৪২

ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ রিচার্ড পাইবাস। বর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরমেন্স ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্তর্বর্তীকালীন কোচ নিক পোথাসের স্থলাভিষিক্ত হবেন পাইবাস।

ক্রিকইনফোর সূত্রমতে পাইবাসের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের চুক্তি ২০১৯ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজসহ ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চলবে।

মাত্র এক বছর ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের পর স্টুয়ার্ট ল পদত্যাগ করার পর থেকে প্রধান কোচের পদটি খালি রয়েছে। কাউন্টি দল মিডলসেক্সের সাথে চার বছরের চুক্তি করায় ল’ ওয়েস্ট ইন্ডিজ দল ছেড়ে চলে যান। এরপর দলের ফিল্ডিং কোচ পোথাসকে অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়।

ল’র বিদায়ের পর সম্প্রতি বাংলাদেশ সফরে পোথাসই কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সফরে পোথাসের অধীনে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও ওয়ানডে সিরিজে যথাক্রমে ২-০ ও ২-১ ব্যবধানে হেরেছে। তবে টি২০’তে ২-১’এ সিরিজ জিতেছে।

পাইবাসের অধীনে পাকিস্তান ১৯৯৯ সালে বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এরপর তিনি স্বল্প সময়ের জন্য বাংলাদেশের জাতীয় দলের দায়িত্বে ছিলেন।

ইত্তেফাক/কেআই