মানিকগঞ্জে বাল্য বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বর রনি আহমেদকে ১ মাস, কনের পিতা দেলোয়ার হোসেনকে ৬ মাস ও কাজীর সহকারী মামুনুর রশিদকে ৬ মাসের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানার নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরসহ কনে পিতা ও কাজীর সহকারীকে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে এই দণ্ডাদেশ প্রদান করেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ঢাকা জেলার ধামরাই উপজেলার নৌগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে মুদি দোকানের কর্মচারী রনি আহমেদ (২২) সাথে একই উপজেলার গোয়ালদি গ্রামে ১১ বছর একটি শিশুর বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন। অপ্রাপ্ত ওই কনেকে অ্যাডভোকেট রওশন আলী ও শফিকুল ইসলামের মাধ্যমে এফিডেফিটডের করে প্রাপ্ত বয়স দেখানো হয়। এর পর বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে একটি মাইক্রোবাসের ভিতরে বাল্য বিয়ে আয়োজন করে।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার উপপুলিশ পরিদর্শক মোঃ হারেজ শিকদার সেখানে গিয়ে হাজির হয় ও বাল্য বিয়ে বন্ধ করে এর সাথে জড়িতদের আটকিয়ে রেখে ভ্রাম্যমাণ আদালতের বিচারককে জানান। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর রনি আহমেদকে ১ মাস, কনের পিতা দেলোয়ার হোসেনকে ৬ মাস ও সদর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের কাজী শফিকুল ইসলামের সহকারী মামুনুর রশিদকে ৬ মাসে কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের কারাদণ্ডে আদেশ দেন। সাজা প্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। অপ্রাপ্ত ওই কনেকে তার খালার জিম্মায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ইত্তেফাক/আরকেজি
