বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত বা বন্ধ হয়ে যায় বিশ্বের সব ক্রীড়া আসর। তবে সম্প্রতি করোনা সঙ্কট সামাল দিয়ে অনেক দেশের মাঠেই ফিরতে শুরু করেছে ক্রীড়া আসরগুলো। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে বন্ধ হওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের ম্যাচগুলোর নতুন তারিখ নির্ধারণ করেছে এএফসি।
বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘ফিফার নির্দেশনা অনুসারে এএফসি আগামী অক্টোবর ও নভেম্বরে বাছাইয়ের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো আয়োজন করবে। ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। বাংলাদেশ ৮ ম্যাচের চারটি খেলেছে। বাকি ৪ ম্যাচের দুটি অক্টোবরে ও দুটি হবে নভেম্বরে।
নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে সিলেটে। পরে ১৩ অক্টোবর দোহায় খেলবে কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচটি। বাংলাদেশ শেষ দুটি ম্যাচ খেলবে নভেম্বরে ভারত ও ওমানের বিরুদ্ধে। নতুন সূচি অনুযায়ী ১২ ও ১৭ নভেম্বর ঢাকায় হবে এ ম্যাচ দুটি।
ইত্তেফাক/এসআই
