টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী সহ ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২ জুন স্বাস্থ্যকর্মীরা নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। রবিবার সকালে তাদের পজিটিভ রিপোর্ট আসে।
নতুন আক্রান্ত ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী (৫০) বাড়ি উপজেলার সহবতপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামে। অপরজন মামুদনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের একজন।
নতুন আক্রান্ত ২ জন রোগীর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান বলেন, যে ২ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে গার্মেন্টস কর্মী ঢাকা থেকে ঈদ করতে বাড়িতে এসেছিলেন। এসময় তার জ্বর ঠান্ডার উপসর্গ দেখা দিলে সে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যায়। আমরা গত ২ জুন ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করি এর মধ্যে থানার ১৭ জন পুলিশ সদস্য ও এসিল্যান্ড অফিসের স্টাফদের নমুনা নেগেটিভ আসলেও ২ জনের নমুনা পজেটিভ এসেছে। এ নিয়ে বর্তমানে নাগরপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩০ জনে। এর মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বাকিরা চিকিৎসাধীন রয়েছে। এ সময় তিনি আরো বলেন, নাগরপুর উপজেলা ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে। মানুষ সচেতন না হওয়ায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
ইত্তেফাক/এমআরএম
