মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের (২৬) মৃত্যু হয়েছে। রবিবার সকাল পৌনে ৭টার দিকে তিনি মারা যান। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামের ওই যুবক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল সাড়ে ৬টার দিকে জেলা হাসপাতালের জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু ভর্তির ১৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউশনে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : করোনার ভ্যাকসিন হবে বিশ্বের সর্বসাধারণের পণ্য: চীন
এ নিয়ে জেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন ১৫ জন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও চারজন নারী। এ ছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এদের মধ্যে দুইজন সিংগাইর এবং অন্যজন হরিরামপুর উপজেলার বাসিন্দা।
এদিকে, মানিকগঞ্জে নতুন করে আরও ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩০৫ জন।
ইত্তেফাক/ইউবি
