প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, কসবায় যুবকের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৭ জুন ২০২০, ১৬:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মো. মাঈন উদ্দিন সরকার (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

গত শনিবার রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

অভিযুক্ত মাঈন উদ্দিন সরকার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের ইয়াকুব আলী সরকারের ছেলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার এজাহারে বলা হয়, ‘হক কথা তিতা লাগে’ নামে একটি ফেসবুক আইডি থেকে গত ৩০ মে বিকেল ৪টা ৪৮ মিনিটে ও ৩১ মে রাত ১১টা ৪৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস পোস্ট করা হয়। ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি স্ট্যটাসটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধাচরণ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচারণার শামিল। অভিযুক্ত মাঈন উদ্দিন সরকার ‘হক কথা তিতা লাগে’ ফেসবুক আইডিটি পরিচালনা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। 

আরো পড়ুন : হাজীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

কসবা থানার ওসি মো. লোকমান হোসেন জানান, ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/ইউবি