ঘাটাইলে গোসল করতে গিয়ে ২ বন্ধু নিখোঁজ, একজনের  লাশ উদ্ধার 

আপডেট : ০৭ জুন ২০২০, ১৭:২১

টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে গিয়ে দুই বন্ধু নিখোঁজ হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে ঘাটাইল উপজেলার সংগ্রাম ইউনিয়নে আংগার খোলা (নতুন সেতু) নামক স্থানে বংশাই নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ছোনখোলা গ্রামের আ. বাছেদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২২) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফারুক খান (২০) সংগ্রামপুর ইউনিয়নের আংগার খোলা (নতুন সেতু) নামক স্থানে গোসল করতে যায়। দুই বন্ধুর কেউ সাঁতার না জানায় নদীর কম পানিতেই গোসল করতে থাকে। এক বন্ধু সেতুর পাটাতনে দাঁড়িয়ে গোসল করার সময় পানির স্রোতে ভেসে যায়। অপর বন্ধু তাকে উদ্ধার করতে গেলে সেও ভেসে যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে দ্রুত ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল আব্দুল্লাহ আল নোমানের লাশ উদ্ধার করেছে।  ফারুক খানের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

আরো পড়ুন : করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে আনা হলো ঢাকায়

সন্ধানপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আ. বাছেদ আকন্দ জানান, মো. ফারুক খান গত বছর এ প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এক বিষয়ে খারাপ করায় এ বছর আবার ওই বিষয়ে পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।  আব্দুল্লাহ আল নোমানও এ কলেজ থেকে পাস করে বর্তমানে  করটিয়া শাদৎ বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষে অধ্যয়ন করছে।  

স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, ঘটনাটি জানার পরই ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে পাঠানো হয়। আব্দুল্লাহ আল নোমানের লাশ উদ্ধার করা হয়েছে এবং ফারুক খানের লাশ ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।


ইত্তেফাক/ইউবি