গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২০, ২০:৪৬

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার কুরচাই গ্রামে সেপটিক ট্যাংকে নেমে ‘বিষাক্ত গ্যাসে’আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গৃহকর্তা মান্নান সরকারের ছেলে হুমায়ূন (৩৩), সিরাজ উদ্দিনের ছেলে শ্রমিক হিমেল (২৫)। সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়েছেন একই গ্রামের আব্দুল আলীর ছেলে শরীফ (২৭), মোছলেম উদ্দিনের ছেলে মাজহারুল (১৮), মুক্তিযোদ্ধা আলিম উদ্দিনের ছেলে আলতাব (৩৩) ও তমিজ সরকারের ছেলে মুর্শিদ (২২) । 

আরো পড়ুন : 'শুধু ঢাকাতেই করোনা আক্রান্ত সাড়ে ৭ লাখের বেশি' 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুরচাই গ্রামের আব্দুল মান্নান সরকারের বাড়িতে মিস্ত্রিরা কয়েকদিন আগে টয়লেটের পুরাতন সেপটিক ট্যাংকের পাশে নতুন সেপটিক নির্মাণ করে তার মুখ বন্ধ করে চলে যান। রবিবার দুপুর ১টার দিকে ওই নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের সার্টার খুলতে গিয়ে শ্রমিক মুর্শিদ ট্যাংকের ভেতরে নামেন। এ সময় বিষাক্ত গ্যাসে মুর্শিদ আক্রান্ত হয়। মুর্শিদকে বাঁচাতে গৃহকর্তার ছেলে হুমায়ূন ও শ্রমিক হিমেল সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়েন।  তাদের বাঁচাতে একে একে মাজহারুল, আলতাব ও শরীফ সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হুমায়ূন ও হিমেলের মৃত্যু হয়। 

পাগল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/ইউবি