রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি বাসা থেকে ইসরাত জাহান বৃষ্টি (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী সবুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
রবিবার বিকালের দিকে পুলিশ টিনশেড ঘরের দরজার তালা ভেঙে লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, ঢাকা উদ্যানের সি ব্লকের ১ নম্বর রোডের একটি আধা পাকা টিনসেড ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গত চার মাস আগে সবুজ ও বৃষ্টি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই ঘরটি ভাড়া নেন। আপাতত আমরা এই পর্যন্তই জানতে পেরেছি। বিকালে সংবাদ পেয়ে ওই ঘর থেকে বৃষ্টির লাশ উদ্ধারের সময় তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। নিহত নারীর মুখ ফেনা দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।
ইত্তেফাক/এএম
