খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টা থেকে সোমবার ভোর সাড়ে পাঁচটার মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) করোনা ইউনিটের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, সর্দি-জ্বরসহ করোনার উপসর্গ অবস্থায় খুলনা মহানগরীর রায়েরমহল এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেনকে (৬৫) রবিবার সকাল পৌঁনে ১০টার দিকে খুমেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান।
এছাড়া রবিবার রাত ১১টার দিকে নগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২) জ্বর ও সর্দি-কাশি নিয়ে ভর্তি হয় । চিকিৎসাধীন অবস্থায় রাত পৌঁনে ১২টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সুশান্ত ম-লের ছেলে রিপন (২২) দুদিন ধরে জ্বর কাশি নিয়ে খুমেকের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১২ টায় তার মৃত্যু হয়। এছাড়া, যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোসলেম দফাদারের ছেলে মোহাম্মদ আলম (৩০) লিভারের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার দুপুর ৩টায় খুমেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মিজানুর রহমান।
এর আগে রবিবার সকালে করোনার উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার কলোনি রোডের বাসিন্দা বদরুল আলমের স্ত্রী কামরুন নাহার (৪৫)।
ইত্তেফাক/আরকেজি
