বর্ণবিদ্বেষের শিকার হয়ে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ মারা যাওয়ার পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগ। এই বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির বিভিন্ন রাজ্য।
ইতোমধ্যে নিউইয়র্কে পুলিশের অর্থ বরাদ্দ কমানোর কথা বলা হয়েছে। কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনাস্থল মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস তাদের পুলিশ বিভাগ ভেঙ্গে দেওয়ার কথা বলেছে। একই সঙ্গে বরাদ্দ কমিয়ে এ অর্থ সামাজিক খাতে ব্যয় করার কথা বলা হয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, নগরীর পুলিশ বিভাগের জন্য বরাদ্দ করা অর্থ ফিরিয়ে নেবেন। সেই অর্থ সামাজিক খাতে ব্যয় করবেন।
মিনিয়াপোলিস শহরের কাউন্সিলের প্রেসিডেন্ট লিসা বেনডের বলেন, মিনিয়াপোলিসসহ পুরো যুক্তরাষ্ট্রেই বর্তমান ধারার পুলিশি ব্যবস্থা আর নিরাপত্তা দিতে পারছে না। এতদিন শহর কর্তৃপক্ষ পুলিশ বিভাগে যে অর্থ বরাদ্দ দিত তার পুরোটাই সামাজিক খাতে ব্যয় করা হবে।
শহরটির কাউন্সিলর অ্যালোন্দ্রা কানো বলেন, বর্তমান পুলিশি ব্যবস্থা আর সংস্কারের যোগ্য নয়। সুতরাং এ ব্যবস্থা বিলুপ্ত করতে হচ্ছে।
তাদের যুক্তি, পুলিশের অনৈতিক কর্মকাণ্ড ও জাতিগত বিভেদ দূর করতে পুলিশ বিভাগের বাজেট কমানো উচিৎ। সেই অর্থ সামাজিক কর্মসূচিতে ব্যয় করা দরকার।
পুলিশ বিভাগ ভেঙ্গে দেওয়ার ইস্যুটি এখন যুক্তরাষ্ট্রজুড়ে আলোচনার অন্যতম বিষয়। তবে চলমান ব্যবস্থা ভেঙ্গে দিয়ে নতুন জননিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে কয়েকমাস লেগে যেতে পারে।
উল্লেখ্য, ২৫ মে মিনেয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ঘারে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন পুলিশ অফিসার শাওভিন। সঙ্গে তার আরো তিন সহকর্মীও ছিলেন।
এরপরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সেই বিক্ষোভের আগুন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
ইত্তেফাক/জেডএইচ
