ধনবাড়ীতে নানা বাড়িতে শিশু নিখোঁজ, দুদিন পর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০২০, ১৪:৩৪

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়ার দুই দিন পর তিশার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ধনবাড়ী থানা পুলিশ জানায়, তিশার বাবার বাড়ী মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ী গ্রামে। বাবা এনামুল সস্ত্রীক ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। এ জন্য কন্যা তিশাকে ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দড়িচন্দ গ্রামে নানা-নানীর কাছে রেখে যান। তিশা গত সোমবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ মঙ্গলবার সকালে তিশার নানা বাড়ীর উত্তর পাশের বাঁশ ঝাড়ের জঙ্গল থেকে তিশার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেয়া যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিশার মামা ফরিদ মিয়া জানান, তিশার বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরী করায় তিশা নানার বাড়িতেই থাকতো। তিশার হত্যাকারীদের তিনি দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া জানান, ময়না তদন্তের জন্য তিশার লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/আরএ