মশক নিধনে অবহেলায় সুপারভাইজারকে শোকজ ও শ্রমিক বরখাস্ত

আপডেট : ০৯ জুন ২০২০, ২০:১৮

ইচ্ছেকৃতভাবে লার্ভি সাইডিংয়ের কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পদ নষ্ট করার দায়ে মশক শ্রমিক রাজন দাসকে বরখাস্ত করা হয়েছে। তিনি অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে ডিএসসিসিতে কর্মরত ছিলেন। অন্যদিকে মশক নিধন কার্যক্রম সুপারভাইজারের দায়িত্ব পালনে অবহেলার কারণে অঞ্চল-২ এর সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী চাকুরী বিধিমালা-২০১৯ এর ৪৯ উপ-বিধি মোতাবেক মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তাকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সিটি কর্পোরেশনের সচিব বরাবরে কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। 

সিটি করপোরেশনের সূত্রে জানা যায়, গত ৭ জুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন লালবাগের নবাবগঞ্জ পার্কে কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ‘বছরব্যাপী সমন্বিত মশক নিধন’ কার্যক্রমের উদ্বোধন করেন। সে সময় লার্ভিসাইডিং কার্যক্রম সুপারভাইজ করতে মনিরুজ্জামানকে নির্দেশ প্রদান করলেও তিনি সে সময় অনুপস্থিত ছিলেন এবং তার অনুপস্থিতির সুযোগে মশক শ্রমিক রাজন দাস লার্ভি সাইডিং এর জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে কর্পোরেশনের সম্পদ বিনষ্ট করেন। 

পরবর্তীতে এ বিষয়ে কর্পোরেশনের মেয়র তাপসের কাছে অভিযোগ করা হলে মেয়র অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে রাজনকে বরখাস্ত ও মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

ইত্তেফাক/কেকে