কালিয়ায় প্যাথলজি টেকনিশিয়ানের করোনা শনাক্ত

আপডেট : ১০ জুন ২০২০, ১৩:৫৮

নড়াইলের কালিয়ায় একটি বেসরকারি প্যাথলজি সেন্টারের প্যাথলজিস্টের শরীরে করোনা পজিটিভ হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি কালিয়া পৌরসভার রামনগর গ্রামের বাসিন্দা। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর আক্রান্তের পরিবারটি লকডাউন করাসহ তাকে তার বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। 

ডা. কাজল মল্লিক জানান, গত ৭ জুন নিত্যরঞ্জন গোপালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজে পাঠানো হলে বুধবার দুপুরে তার করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে বর্তমানে  কালিয়া পৌরসভায় দুই জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদেরকে নিজ নিজ বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।        

কালিয়ার ইউএনও নাজমুল হুদা বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পেরে ওই পরিবারকে লকডাউন করা হয়েছে। আক্রান্ত রোগীকে তার বাড়িতে রেখেই  চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম