বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা কিভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং কেমন আছেন তা জানতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক।
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বিভিন্ন ইউনিয়নের শিক্ষক/শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় করেন এই তরুণ সংসদ সদস্য। এ ছাড়া গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধান ও সভাপতিদের সাথে মত বিনিময় করেন তিনি। তার সঙ্গে যুক্ত হয়েছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয় এই ভার্চুয়াল আলোচনায়।
গত শনিবার ৬ জুন বিকেলে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এ ভার্চুয়াল মত বিনিময় করেন নাহিম রাজ্জাক। সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেসবুক) ধানকাটি ইউনিয়নের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে যুক্ত হন নাহিম রাজ্জাক। এ সময় উক্ত প্রতিষ্ঠানসমূহের এসএসসি সমমানের ফল এবং শিক্ষা মানোন্নয়নসহ বিভিন্ন আলোচনা হয়।
নাহিম রাজ্জাক ভার্চুয়াল এ মত বিনিময়কে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দকে। এতে অংশ নেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহম্মেদ, চর মালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ধানকাটি ইউনিয়নের চেয়ারম্যান আ. রাজ্জাক পিন্টু, চর মালগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, মীর আ. মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন সরদার, বাহেরচর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী আজগর কাজী, মালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী জুবায়েদা, চরমালগাঁও উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী খাদিজা, বাহেরচর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হাসান এবং মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী লামিয়া।
ইত্তেফাক/আরএ
