অনাকাঙ্ক্ষিত বিরতি শেষ হতে চলেছে। আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে লা লিগা। আজ বৃহস্পতিবার মুখোমুখি হবে সেভিয়া ও রিয়াল বেটিস। লিগ ফেরার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। লিগের বাকি থাকা সব ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
বাকি ১১ রাউন্ডের ম্যাচগুলো এক মাসের একটু বেশি সময়ে শেষ করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। পালটে যাওয়া পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলছে লক্ষ্য ছোঁয়ার জোর প্রস্তুতি। বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ করাটা কিছুটা স্বস্তি হয়ে আসতে পারে তাদের জন্য।
চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল নিজেদের বাকি ম্যাচগুলোর সবকটিকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমাদের ১১টি ফাইনাল বাকি আছে, আমরা এটাকে এভাবেই দেখি। আশা করি লা লিগা জিততে আমরা ১১টি জয় পাব।’ ২৭ রাউন্ড শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৮। রিয়ালের ৫৬। মাদ্রিদের দলটির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা সেভিয়া শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছে বটে, তবে পালটে যাওয়া পরিস্থিতিতে ঘটতে পারে অনেক কিছুই।
শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইও তো আছে। যে দৌড়ে ভালোমতো আছে রিয়াল সোসিয়েদাদ (৪৬), গেটাফে (৪৬), অ্যাটলেটিকো মাদ্রিদ (৪৫)। খুব একটা পিছিয়ে নেই পরের কয়েকটি দলও।
বার্সেলোনার কোচ কিকে সেতিয়েন ভাবনায় আছেন তার স্কোয়াড নিয়ে। বিশেষ করে ম্যাচের সংখ্যা বেশি বলেই দুশ্চিন্তায় আছেন তিনি। বললেন, ‘সামনে আমাদের অনেক ম্যাচ আছে আর স্কোয়াডটাও বেশ ছোটো।’
দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা নিয়েও কিছুটা চিন্তিত তিনি। স্পষ্ট করেই জানালেন, সমর্থকদের অভাব অনুভব করবেন। পরকক্ষণেই অবশ্য তার কণ্ঠে মানিয়ে নেওয়ার তাড়া।
বললেন, ‘আমরা সেই উদ্দীপনা ও সমর্থকদের সমর্থন মিস করব; ম্যাচে যাদের খুব বড়ো একটা প্রভাব থাকে। যদিও এটা বিশেষ একটা পরিস্থিতি, যেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। অবশ্য একই পরিস্থিতি থাকবে আমাদের প্রতিপক্ষের জন্যও।’ ফাঁকা গ্যালারি হোক কিংবা নিয়মের বেড়াজাল—এতসব বাধার মধ্যেও যে দুর্দান্ত একটি শিরোপা লড়াই অপেক্ষা করছে, তাতে কোনো সন্দেহ নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে ব্যবধান মাত্র ২ পয়েন্টের। শীর্ষে থাকা বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। আর এত সূক্ষ্ম ব্যবধানে শীর্ষস্থান যে সুসংহত নয়, তা ভালোমতোই বুঝতে পারছেন সেতিয়েন। শিরোপা ধরে রাখতে বাকি সব ম্যাচ জিততে হবে, খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছেন তিনি।
