রাজশাহীতে করোনা আক্রান্ত একশো ছাড়াল

আপডেট : ১১ জুন ২০২০, ১৪:২৮

রাজশাহীতে একশো ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বহির্বিভাগের ল্যাবে আরও আটজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহীতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে।

বুধবার রাতে এ তথ্য জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি বলেন, হাসপাতালের বহির্বিভাগের করোনা ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আটজনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। যাদের বাড়ি রাজশাহী জেলায়।

নতুন আক্রান্তদের মধ্যে নগরীর দু’জন, তানোরের একজন, বাঘার দুইজন ও বাগমারার তিনজন। নগরীতে আক্রান্তদের মধ্যে দুইজনই নারী।

এর আগে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১৮ জনের শরীরে করোনা ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে ১৭ জন পাবনার ও একজন নাটোরের। বুধবার রাতে এ তথ্য জানান রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।

তিনি জানান, বুধবার দুই দফায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে ফলাফল এসেছে ১৪১ জনের নমুনার। যার মধ্যে ১৮ জনের নমুনায় করোনা পজিটিভ। এর মধ্যে পাবনার ১৭ জন ও নাটোরের একজন। এ নিয়ে পাবনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন। আর নাটোরে আক্রান্ত সংখ্যা ৬৪ জন।

রাজশাহীতে দুইটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর একটি রাজশাহী মেডিকেল কলেজ ও আরেকটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ। কলেজের ল্যাবে প্রতিদিন দুই দফায় নমুনা পরীক্ষা করা হয়। তবে হাসপাতালের ল্যাবে এখন পর্যন্ত এক শিফটে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম