বরিশালের গৌরনদী উপজেলায় কলেজছাত্রীসহ দুই বোনের সঙ্গে অশ্লীলতার ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত ৯ জুন গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার সরকারি মৎস্য খামারের সামনের রাস্তায় অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও তার বড় বোনকে যৌন হয়রানীর ঘটনা ঘটে। ঐদিন সন্ধ্যা ৬টার দিকে গৌরনদী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও ছাত্রলীগ নেতা ঈশান ইসলাম আরিফ তাদের পথরোধ করে এবং অশ্লীল আচরণ করে।
এক পর্যায়ে আরিফ ও তার সঙ্গে থাকা সঙ্গীরা ঐ দুই বোনকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এক পর্যায়ে কৌশলে ঐ দুই বোন ঘটনাস্থল থেকে বাড়িতে ফিরে যেতে সক্ষম হয় এরপর ১০ জুন রাতে গৌরনদী থানায় আরিফসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করে ১১ জুন আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক।
গৌরনদী সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি শাখাওয়াত হোসেন সুজন জানান, ঈশান ইসলাম আরিফ ২০১৬ সালে ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলেন। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আরিফের বর্তমানে কোনো পদ-পদবী নেই বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে

