রামগতিতে মৃত শিক্ষকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৩ জুন ২০২০, ০৮:৪৭

রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া স্কুল শিক্ষকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল উদ্দিন (৫৩) নামের ওই শিক্ষক মারা যান। তিনি উপজেলার চরমেহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক এবং রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রামের বাসিন্দা ছিলেন।

এ ছাড়া উপজেলায় আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে দুইজন রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রাম এলাকার বাসিন্দা এবং  আলেকজান্ডার বাজারের একজন মুদি দোকানদার ও একজন টুপি ব্যাবসায়ী। অপর দুইজনের মধ্যে একজন রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবুজগ্রামের বাসিন্দা এবং সুতা ব্যবসায়ী। অপরজন চর আলগী ইউনিয়নের চর নেয়ামত এলাকার বাসিন্দা। কয়েক দিন ধরে জ্বর-সর্দিসহ বিভিন্ন উপসর্গ থাকায় তারা নিজেরাই পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার জানান, করোনাভাইরাসের উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) নিয়ে মারা যাওয়া স্কুল শিক্ষকের মৃত দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল। ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এছাড়া ওই বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ফলাফলে আরও চারজনের করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের নিজ নিজ বাসস্থানে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

তিনি আরও জানান, মৃত স্কুল শিক্ষকসহ নতুন আক্রান্ত এ পাঁচজন নিয়ে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। এর আগে এক ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, দুইজন স্বাস্থ্যকর্মী, রামগতি থানার একজন পুলিশ কনস্টেবলসহ ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে ১৩জন সুস্থ হয়েছেন।

ইত্তেফাক/আরকেজি