লোহাগড়ায় ট্রিপল মার্ডার ঘটনায় বিএনপির নেতা আটক

আপডেট : ১৩ জুন ২০২০, ১০:৪৮

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গণ্ডব গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ট্রিপল মার্ডারের ঘটনায় পুলিশ নড়াইল জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমকে (৫০)আটক করেছে।

এ ঘটনায় শনিবার সকাল ১০টা পর্যন্ত মোট আটক করা হয়েছে ১৩ জনকে। বুধবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

লোহাগড়া থানার এস,আই মিল্টন কুমার দেবদাস জানান, গত শুক্রবার সন্ধ্যায় গোপন বৈঠক করবার সময় শালনগর থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বিএনপি নেতা কাজী সুলতানুজ্জামান সেলিম কাজীকে আটক করা হয়।

উল্লেখ্য, ট্রিপল মার্ডারের মূল হোতা  ইয়াবা ব্যবসায়ী, জুয়াড়ি  ও নড়াইল জেলা পরিষদের সদস্য শেখ সুলতান মাহমুদ বিপ্লব আটক বিএনপি নেতার শ্যালক।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের গণ্ডব গ্রামে দীর্ঘদিন ধরে মিরাজ মোল্যা  নেতৃত্বাধীন গ্রুপ এবং  সুলতান মাহমুদ বিপ্লব নেতৃত্বাধীন গ্রুপ এর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয় গ্রুপ বুধবার দুপুর ৩টার দিকে ঢাল, সড়কি, রামদাসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে গণ্ডব গ্রামের গো-হালটে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ওই গ্রামের মনতাজ মোল্যার ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিল মোল্যা(৫২), মৃত মাজেদ মোল্যার ছেলে মোক্তার মোল্যা(৫৮), সাইফার মোল্যার ছেলে রফিক মোল্যা(৫০) নিহত হন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, অভিযান অব্যাহত রয়েছে। গ্রামের বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এমআরএম