বার্ধক্যজনিত কারণে মারা গেলেনে ভারতের প্রবীনতম ক্রিকেটার বসন্ত রাইজি। শনিবার ( ১৩ জুন) রাইজির জামাতা সুদর্শন নানাভাতি ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, মুম্বাইয়ে নিজ বাসভূমে ১০০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটের সাবেক এ ব্যাটসম্যান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাইজির জামাতা বলেন, বার্ধক্যজনিত কারণে দক্ষিণ মুম্বাইয়ে নিজ বাসভূমে রাত ২.২০ মিনিটে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন তিনি।
নাগপুরে ১৯৩৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ডানহাতি ব্যাটসম্যানের অভিষেক হয়। এক প্রীতি ম্যাচে কেন্দ্রীয় রাজ্য ও বেরার বিপক্ষে খেলতে নামেন তিনি। তার সতীর্থ ছিলেন সিকে নাইডু, মুশতাক আলী, বিজয় হাজারে এবং লালা অমরনাথের মতো ক্রিকেটাররা।
পরে তিনি ১৯৪১ সালে মুম্বাইয়ের হয়ে রঞ্জিতে খেলেছেন। বিজয় মার্চেন্টের অধীনে পশ্চিম ভারতের বিপক্ষে এক ম্যাচে অভিষেক হয় রাইজির। মুম্বাই ও বরোদার হয়ে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে মোট ২৭৭ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৬৮ রান।
গত জানুয়ারি দুই ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও স্টিভ ওয়াহকে পাশে বসিয়ে নিজের শততম জন্মদিন পালন করেছিলেন রাইজি।
ইত্তেফাক/এসআই
