স্টেইনের বাসায় সপ্তাহে তিনবার ডাকাতির চেষ্টা করেও ব্যর্থ

আপডেট : ১৩ জুন ২০২০, ১৬:৫৪

দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেল স্টেইনের বাসায় এক সপ্তাহেই তিনবার ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে প্রতিবারই ডাকাত দল ব্যর্থ হয়েছে। স্টেইন নিজেই তার টুইট বার্তায় এমনটা জানিয়েছেন।  

 স্টেইনের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা এতই ভাল যে গেটের তালা ভাঙা সত্ত্বেও বাড়ির ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারেননি ডাকাত দল। তাই তিনবারের একবারও তার বাড়ি থেকে কিছু খোয়া যায়নি।

অপরাধ প্রবণ শহর হিসেবে বিশ্বের আট নম্বরে আছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন। এছাড়া পুরো দক্ষিণ আফ্রিকাতেই অপরাধীদের অভয়াশ্রম। দেশটিতে নিয়মিতই বিদেশীদের ওপর হামলার খবর পাওয়া যায়। ছোট খাটো ঘটনাকে কেন্দ্র করেও দেশটিতে নিয়মিতই খুনাখুনি খবর পাওয়া যায়।

করোনা ভাইরাসের প্রভাবে যখন লকডাউন চলছে। তখন নিরাপত্তা ব্যবস্থাও ছিল ঢিলেঢালা। ঠিক এমন একটি সময়কে বেছে নিয়ে স্টেইনের বাসায় লাগাতার ডাকাতির চেষ্টা চালানো হয়েছে।

বৃহস্পতিবার ১১ জুন ডেল স্টেইন টুইটারে লিখেছেন, ‘গেল শুক্রবার থেকে আমার বাসভবনে পরপর তিনবার ডাকাতির চেষ্টা করা হয়েছে। দুষ্কৃতিকারীরা আমার বন্ধুর গাড়ি ভাঙচুর করে। তবে এবার তালা ভাঙার ঘটনায় আমার মা ভীষণ ভয় পেয়ে গিয়েছেন। কারণ সেই সময় তিনি বাড়িতে একা ছিলেন।’

প্রোটিয়াদের জার্সিতে ৯৩ টেস্ট খেলে ৪৪৩ উইকেট তুলেছেন। ১২৫ ওয়ানডেতে উইকেট রয়েছে ১৯৬টি। ৪৭ টি-টোয়েন্টিতে মাঠে নেমে ৬৪টি উইকেট তুলতে সক্ষম হয়েছেন ৩৬ বছর বয়সী এই স্পিড স্টার।

ইত্তেফাক/এসআই