একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন পুনরায় নির্বাচিত হয়ে জনগণের উদ্দেশে বলেছেন, সিংহ মার্কায় আপনাদের পবিত্র ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। নজিরবিহীন এই বিজয়ের কৃতিত্ব ফরিদপুর-৪ আসনের সকল জনগণের। বুধবার সকালে ঢাকার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।
মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফরউল্লাহ আমার কাছে ৫০ হাজার ভোটের ব্যবধানে হেরে এখন ষড়যন্ত্র শুরু করেছেন। কাজী জাফরউল্লাহ এখন জনবিচ্ছিন্ন একজন নেতা। তার খামখেয়ালিপনা ও নমিনেশন বাণিজ্যসহ দুর্নীতির কারণে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের শত শত নেতা-কর্মী তাকে প্রত্যাখ্যান করে আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। গত দশম সংসদ নির্বাচনেও ফরিদপুর-৪ আসনের জনগণ আমাকে প্রায় ২৬ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী করে এবং তাকে পরাজিত করেন। আমি বলেছিলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর নৌকায় উঠব।’
তিনি আরো বলেন, ‘৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে সিংহ মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করেছেন। পরাজিত কাজী জাফরউল্লাহ এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে হামলা ও ভাঙচুর করে বেড়াচ্ছে। অথচ তিনি একটাকে মওকা হিসাবে পেয়ে দোষ চাপাতে চাইছেন আমার নেতা-কর্মীর উপর। তাই সকল ষড়যন্ত্র থেকে সজাগ থাকুন। যাতে করে কাজী জাফরউল্লাহ ও তার প্রধান ক্যাশিয়ার দীপক মজুমদার কোনোভাবেই জনগণকে হয়রানি করতে না পারে।’
আরো পড়ুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোনিয়ার অভিনন্দন
মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, ‘আমি শপথ নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে ফরিদপুর-৪ আসনকে মডেল আসন হিসাবে গড়ে তুলবো। ইতিপূর্বে আমি বলেছিলাম বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তাদের মনোনীত প্রার্থীকে নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আপনারা তার প্রমাণ পেয়েছেন। জনগণের ঐকান্তিক প্রচেষ্টা ও প্রশাসনের সুন্দর মন মানসিকতার জন্যই সমগ্র আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচনে পরাজিত হয়ে কাজী জাফরউল্লাহ ও তার সমমনা কিছু দুষ্ট লোক ফরিদপুর-৪ আসনের শান্ত পরিবেশকে অশান্ত করতে চেষ্টা করছে। এসব হীনমনা ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বপ্নের দেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।’
ইত্তেফাক/ইউবি

