দৈনিক ইত্তেফাকে গত বুধবার (১০ জুন) “স্লুইসগেট বন্ধ থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা” শিরোনামে সংবাদ প্রকাশের পর মিরসরাই উপজেলার মেরিন ড্রাইভে ৬নং স্লুইসগেটটি খুলে দেয়া হয়েছে। এই স্লুইসগেটটি খুলে দেয়ার ফলে উপকূলীয় এলাকায় আউশ ধানের বীজতলা রক্ষা পাওয়ায় ওই এলাকার শতশত কৃষকের মনে এখন স্বস্তি ফিরেছে। আবাদি জমি থেকে পানি নেমে যাওয়ায় ওই এলাকার কৃষকরা এখন আউশ ধান রোপনের প্রস্তুতি নিচ্ছেন।
এই ব্যাপারে মিরসরাই উপজেলায় কর্মরত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. সুমন প্রামানিক ইত্তেফাককে বলেন, জলাবদ্ধতার খবর পাওয়ার সঙ্গেসঙ্গেই আমরা স্লুইসগেটটি জরুরী ভিত্তিতে খোলার কাজ শুরু করি। নবনির্মিত স্লুইসগেটটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই স্লুইসগেটের মোটরে বিদুৎ সংযোগ না থাকায় ও করোনা মহামারীর ফলে শ্রমিক সংকটের কারণে স্লুইসগেটটি পুরোপুরি সক্রিয় করতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত আমরা স্লুইসগেটটি খুলতে সক্ষম হয়েছি। এখন থেকে এই স্লুইসগেটের কারণে আর কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে না।
এই বিষয়ে সাহেরখালী ইউনিয়নের উপকূলীয় এলাকার কৃষক এমডি সাইফ উদ্দিন চৌধুরী ইত্তেফাককে বলেন, মেরিন ড্রাইভের ৬নং স্লুইসগেটটি খুলে দেয়ার ২ দিনের মধ্যেই কৃষি জমিতে জমে থাকা পানি নেমে গেছে। এতে আউশ ধানের বীজতলা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। গত কয়েকদিনের জলাবদ্ধতার জন্য বেশকিছু সবজি ক্ষেত নষ্ট হলেও পানি নেমে যাওয়ায় কিছু সবজি ক্ষেত টিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
