সরেজমিন পূর্ব রাজাবাজার

গেটে কড়াকড়ি, ভেতরে স্বাভাবিক

আপডেট : ১৫ জুন ২০২০, ০১:১৪

পূর্ব রাজাবাজারে লকডাউন শুরুর পর গেটগুলোতে বের হওয়া বা ঢোকার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আর স্বেচ্ছাসেবীরা। কিন্তু রবিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভেতরে সাধারণ মানুষ অবাধে চলাফেরা করছেন। বিশেষ করে সকালের দিকে বাজার করতে বের হচ্ছেন অনেকেই। সেখানে সামাজিক দূরত্ব মেলে চলার তাগিদ খুব একটা দেখা যায়নি। অনেক তরুণকে আড্ডা দিতেও দেখা গেছে। অনেকে আবার লকডাউন ভেঙে বাইরেও বের হয়েছেন। লকডাউন শুরুর পর গত পাঁচ দিনে এই এলাকায় নতুন করে ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এক জনের।

দুপুর ১২টার দিকে দেখা গেল সবজি, মাছসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে গ্রীন পয়েন্ট সোসাইটি গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন এক যুবক। এ সময় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা তাকে বাধা দেন। ঐ যুবক বলছিলেন, এক নাম্বার গেট দিয়ে বের হয়েছিলেন তিনি। জরুরি কাজ শেষে বাজার করে বাসায় ফিরছেন। আনোয়ারা বেগম নামে এক নারী তার মতোই হাতে বাজারের ব্যাগ নিয়ে এসে গেটে দাঁড়ান। তিনিও অন্য গেট দিয়ে লকডাউন ভেঙে বাইরে বের হয়েছিলেন। তর্কাতর্কির পর শেষ পর্যন্ত ঐ দুইর জনকেই লকডাউনের নিয়ম ভেঙে ভেতরে যেতে দেয় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।

জানতে চাইলে পূর্ব রাজাবাজারের বাসিন্দা মিনহাজুল আবেদীন গতকাল রবিবার বিকালে বলেন,‘বাঁচতে হলে লকডাউন মানতে হবে। সরকার আমাদের ভালোর জন্যই এলাকাভিত্তিক লকডাউন করেছে।’ আইবিএ হোস্টেল গেটের প্রবেশপথে দায়িত্বরত পুলিশের নায়েক মামুন হোসেন বলছিলেন, গত তিন দিন ধরে এখানে দায়িত্ব পালন করছি। এর মধ্যে কিছু মানুষ শুরু থেকেই লকডাউন মেনে চলছেন। তবে অল্প কিছু মানুষ নানা অজুহাতে লকডাউন ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করছে। তবে স্বেচ্ছাসেবীদের মধ্যে কারো কারো সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে কিছুটা উদাসিনতা চোখে পড়েছে। তারা ইচ্ছামতো গেটের বাইরে বের হচ্ছিলেন আবার ভেতরে ঢুকছিলেন। তাদের একে অপরের কাছাকাছি থেকে দায়িত্ব পালন করতে দেখা যায়। জানতে চাইলে জামিল আহমেদ নামে এক স্বেচ্ছাসেবক বলেন, এখনো পুরোপুরি লকডাউন মেনে চলার অভ্যাস গড়ে ওঠেনি সবার মধ্যে। তবে বেশিরভাগ লোক লকডাউন মানতে শুরু করেছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান বলেন, রোগী বহনের জন্য শুক্রবার থেকে পূর্ব রাজাবাজারে সার্বক্ষণিক একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছেন। লকডাউন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নতুন করে ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার এক জনের মৃত্যু হয়েছে। ঐদিন সকালেই তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার মধ্যরাত থেকে পূর্ব রাজাবাজার এলাকাটিতে চলছে লকডাউন। এ কারণে পুরো এলাকার আটটি গেটের মধ্যে সাতটি বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কেউ বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে না পারে। সব গেটে ‘প্রবেশ নিষেধ’ লিখে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হোস্টেল লাগোয়া গেটটি খোলা রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে এলাকার বাসিন্দারা এই গেটটি ব্যবহার করছে। গেটটিতে পুলিশ, সিটি করপোরেশনের লোকজন ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। কেউ ভেতরে প্রবেশ করতে গেলে জীবাণুনাশক স্প্রে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে তবেই প্রবেশ করতে দেওয়া হয়। এলাকাবাসীর মধ্যে যাদের শাকসবজি, মাছ, মাংস প্রয়োজন তারা আগে অর্ডার দিলে তা কিনে এনে পৌঁছে দেওয়া হচ্ছে।