সাংবাদিক নান্নুর মৃত্যু নিয়ে তদন্তে কমিটি

আপডেট : ১৫ জুন ২০২০, ০৬:০১

রাজধানীর বাড্ডার আফতাবনগরের বাসায় অগ্নিকাণ্ডে দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হুমায়ুন কবিরকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী কমিশনার (বাড্ডা) এলিন চৌধুরী ও বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহের সৃষ্টি হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তদন্তের পরই এসব ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এদিকে অগ্নিকাণ্ডের আগে স্বামী-স্ত্রীর ঝগড়ার যে তথ্য পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমে এসেছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন নান্নুর স্ত্রী শাহীনা হোসেন পল্লবী। তিনিও এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় দায়ের হওয়া অস্বাভাবিক মৃত্যুর মামলাটি তদন্ত করছে পুলিশ। কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ফ্ল্যাট তালাবদ্ধ থাকায় এখনো আলামত সংগ্রহ করা যায়নি। দুই-এক দিনের মধ্যেই প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি গ্যাস লিকেজের বিষয়টি তদন্ত করে দেখতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে।

আফতাবনগরের জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর সড়কের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর বাসার দশম তলায় থাকতেন সাংবাদিক নান্নু। বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে সেখানে রহস্যজনক আগুনে তিনি গুরুতর দগ্ধ হন। চিকিত্সাধীন অবস্থায় শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। ২ জানুয়ারি একই ঘরে অগ্নিকাণ্ডে মারা যান তার ২৪ বছর বয়সি একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস।