করোনায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রিকুইজিশনের সুযোগ আছে: হাইকোর্ট 

আপডেট : ১৫ জুন ২০২০, ১৮:৪০

করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে সরকার চাইলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে রিকুইজিশনের সুযোগ রয়েছে। একইসঙ্গে জাতীয় দূর্যোগ সাড়াদান সমন্বয় গ্রূপকে সক্রিয় করতে বলেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নের্তৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ আজ সোমবার এ অভিমত দেন।

আদালত বলেছে, দেশে বিদ্যমান সামগ্রিক পরিস্থিতি অর্থাৎ বর্তমানে দেশে বিরাজমান করোনা পরিস্থিতি একটি ‘দুর্যোগ' বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রমের পাশাপাশি সরকার দূর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ এর ধারা-১৪ অনুসারে ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অরডিনেশন গ্রুপ' (জাতীয় দূর্যোগ সাড়াদান সমন্বয় গ্রূপ) এর কার্যক্রমকে সক্রিয় করার বিষয়টি বিবেচনায় নিতে পারে। আইনের ১৪ ধারায় খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে এই সাড়াদান সমন্বয় কমিটি গঠনের কথা বলা হয়েছে।

আদালত বলেছে, এই কমিটি কার্যকর হলে ওই কমিটির সুপারিশের আলোকে আইনের ২৬ ধারা অনুযায়ী বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রিকুইজিশন করা যেতে পারে। 

আইনের এই ধারায় হুকুমদখলের কথা বলা হয়েছে। এতে উল্লেখ রয়েছে যে, ২৬। (১) জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ এর নির্দেশনার আলোকে জেলা প্রশাসক যে কোন কর্তৃপক্ষ বা ব্যক্তির নিকট হতে সম্পদ, সেবা, জরুরি আশ্রয়স্থল হিসাবে চিহ্নিত ভবন, যানবাহন বা অন্যান্য সুবিধাদি হুকুমদখল বা রিকুইজিশন করতে পারবে।

(২) উপ-ধারা-(১) এর অধীন কোন হুকুমদখল বা রিকুইজিশন এর আদেশ প্রদান করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তি উহা মান্য করতে বাধ্য থাকবেন।
(৩) সরকার, উপ-ধারা-(১) এর উদ্দেশ্য পূরণকল্পে, হুকুমদখল বা রিকুইজিশনের পদ্ধতিসহ আনুষঙ্গিক বিষয়াদি বিধি দ্বারা নির্ধারণ করবে।
করোনায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের আইসিইউ রিকুইজিশন ও সেন্ট্রাল বেড ব্যুরো স্থাপনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে রোগীদের জরুরি চিকিৎসা সেবা প্রদানের নির্দেশনা চেয়ে করা রিটের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান।

ইত্তেফাক/কেকে