উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ তিন তরুণ আটক

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:২৮

কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের রেজুআমতলী বিওপি সদস্যরা অভিযান চালিয়ে দেড় লাখ পিস বার্মিজ ইয়াবাসহ তিন তরুণকে আটক করেছে। সোমবার (১৫ জুন) ভোরে  উখিয়ার রাজাপালং ইউপির তুলাতলী জলিলের গোদা নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক ও ইয়াবা জব্দ করা হয়। কক্সবাজার ৩৪ বিজিবির পরিচালক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য জানান।    

আটকরা হলো, উখিয়ার রাজাপালং করবুনিয়ার   হাকিম আলীর ছেলে মো. জোবায়ের (২১), মৃত আলী হোসেনের ছেলে মো. বাপ্পি (২০) ও  পূর্ব ডিকলিয়ার সৈয়দ আলমের ছেলে শেখ আনোয়ার (২০)।

কক্সবাজার ৩৪ বিজিবির পরিচালক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুআমতলী বিওপির সদস্যরা গোপন সংবাদে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের  ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র চৌকস আভিযানিক দল উখিয়ার ৪নং রাজাপালং ইউপি’র তুলাতলী সীমান্তের জলিলের গোদা নামক স্থানে ফাঁদ পেতে থাকে। ভোর ৫টার দিকে তুলাতলী হতে কুতুপালংগামী একটি ইজিবাইক আসতে দেখে থামার সংকেত দিলে পাচারকারীরা একটি বস্তাসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় টহল দল তাদেরকে আটক করে।

তিনি আরো জানায়, পরবর্তীতে বস্তার ভিতরে মরিচের মধ্যে অতিকৌশলে লুকানো ১৫ প্যাকেট (প্রতি প্যাকেটে ১০ হাজার পিস হিসেবে এক লাখ পঞ্চাশ হাজার) বার্মিজ ইয়াবা জব্দ করা হয়। আটককৃতদের ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় ১ জানুয়ারি হতে অদ্যাবধি ১৫ লাখ ৯ হাজার ১১৭পিস বার্মিজ ইয়াবাসহ ২৮৭ জন আসামি আটক করা হয়েছে বলেও দাবি করেন বিজিবির এ কর্মকর্তা। 

ইত্তেফাক/এমআর