করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু জোমাদ্দার (৫৫) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাবেক এমপি ও দৈনিক ইত্তেফাক এবং অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। এছাড়া জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভাণ্ডারিয়া পৌর শহরের ৬নং ওয়ার্ডে নিজ বাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম এবং মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
