ভাণ্ডারিয়া পৌরসভা ২১ দিনের লকডাউন

আপডেট : ১৬ জুন ২০২০, ১৭:১১

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভাকে সোমবার রাত থেকে রেডজোন ঘোষণা করে ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পুলিশ সদস্য,  শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ ৯ জনের করোনা শনাক্ত হওয়ায় এই ঘোষণা আসে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাণ্ডারিয়া পৌরসভাকে রেডজোন চিহ্নিত করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভায় ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয় এবং রাতেই উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনাতামূলক প্রচারণা চালানো হয়। 

এদিকে গত দুইদিনে করোনার উপসর্গ নিয়ে এক শিক্ষক, দুই ব্যবসায়ী এবং এক বৃদ্ধসহ চারজন মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম জানান, আজ মঙ্গলবার ভোরে ভাণ্ডারিয়া শহরের মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু জোমাদ্দার (৫৫) করোনা উপসর্গ নিয়ে মারা যান। রবিবার সন্ধ্যায় উপজেলা হাসপাতাল সংলগ্ন গুচ্ছ গ্রামে এক সবজি বিক্রেতা, উপজেলার ধাওয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এক বৃদ্ধ ও ভাণ্ডারিয়া বাজারের এক পান ব্যবসায়ী মারা যান। 

আজ মঙ্গলবার পর্যন্ত উপজেলায় ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার থানা পাড়াকে রবিবার রেডজোন ঘোষণার পর সেখানে একই পরিবারের আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার এ উপজেলায় আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। এদিকে গত সোমবার পর্যন্ত পিরোজপুর জেলায় শনাক্তকৃত রোগীর সংখ্যা ১২৭ জন। যার মধ্যে ২১ জনই সোমবার শনাক্ত হয়েছে। 

ইত্তেফাক/ইউবি