মাধবপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

আপডেট : ১৭ জুন ২০২০, ১৭:৩৫

মাধবপুরে সাম্প্রতিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারের মাঝে ৪৯ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেয়া  হয়েছে।

মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান ক্ষতিগ্রস্ত ২ জনের মাঝে সহায়তা দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেন ।  এ সময় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । ক্ষতিগ্রস্ত অন্যান্যদেরকে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহায়তা  দেয়া হবে।

জানা গেছে সম্প্রতি অতিবৃষ্টিতে তেলমাছড়ার পাহাড়ি ঢলের পানিতে  উত্তর সুরমা গ্রামের ৩৭টি পরিবারের বাড়িঘর ভেঙ্গে সবকিছু ভাসিয়ে নেয় । শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী  এ বিষয়টি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর দৃষ্টিগোচরে আনলে মন্ত্রীর নির্দেশে চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল ও সরকারী পর্যায়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশে ঢলে গৃহহারাদের গৃহ নির্মাণের জন্য জেলা পরিষদের মাধ্যমে এ বরাদ্দ দেয়া হয়েছে ।অধিক ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং ২৫ পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে প্রদান করা হবে।

ইত্তেফাক/আরএ