পেইনের জন্য চমক ছিল বাংলাদেশ

আপডেট : ১৮ জুন ২০২০, ০৯:০১

টিম পেইন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হলেও তার বাংলাদেশ বিষয়ক স্মৃতি খুঁজতে ১৬ বছর পেছনে যেতে হবে। বাংলাদেশে তিনি এসেছিলেন ২০০৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে। আর প্রথম দেখায় বাংলাদেশ চমকে দিয়েছিল এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

স্মৃতিচারণ করে পেইন বলেন, ‘অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়ার সম্মান পেয়েছিলাম আমি। ঐ সময়ের যেটি সবচেয়ে বেশি মনে পড়ে, বাংলাদেশের মতো একটি দেশে প্রথমবার যাওয়া, চোখ খুলে দেওয়ার মতো ব্যাপার ছিল সেটি, তেমন কিছুর অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আমার মনে আছে, ওখানে প্রথম সপ্তাহে ছেলেরা সবাই ধাক্কা খেয়েছিল যে, অস্ট্রেলিয়ায় আমরা যেভাবে অভ্যস্ত, সেসবের চেয়ে কতটা আলাদা ওখানে। তরুণ একটি অস্ট্রেলিয়ান দলের জন্য সেখানে যাওয়া ও সেই অভিজ্ঞতা ছিল বড়ো একটি চ্যালেঞ্জ।’

চ্যালেঞ্জ বলতে পেইনের ইঙ্গিত মূলত বাংলাদেশের আবহ, কন্ডিশন ও পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে। বিশেষ করে স্পিন খেলার ক্ষেত্রে। অস্ট্রেলিয়ায় উঠতি ক্রিকেটাররা স্পিন খেলার শিক্ষা ততটা পায় না। ঐ সফর তাই যেমন পরীক্ষা ছিল, তেমনি এখনো স্পিন খেলা বড়ো পরীক্ষা, বলছেন ৩৫ বছর বয়সি পেইন। বললেন, ‘স্পিন খেলার কথাও মনে পড়ে আমার, ভাবছিলাম, ‘এটা কতটা কঠিন!’ এবং গত ১৫-১৬ বছরেও তা বদলায়নি।’

ঐ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ট্রফির মূল লড়াই থেকে ছিটকে যাওয়ার পর প্লেট পর্বের ফাইনালে ফতুল্লায় বাংলাদেশের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। নাফিস ইকবাল, নাঈম ইসলাম ও আফতাব আহমেদের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ করেছিল ২৫৭ রান। রান তাড়ায় দারুণ রোমাঞ্চ ছড়ানো ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছিল ৮ রানে। চারটি রান আউট ভুগিয়েছিল পেইনের দলকে। টেস্ট খেলার পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে আসা বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়র পাঁচ উইকেট নিয়ে হয়েছিলেন বাংলাদেশের জয়ের নায়ক।

পেইন তখন ছিলেন অলরাউন্ডার, টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি করতেন মিডিয়াম পেস।