বিগত ১০ দিনের মধ্যে পঞ্চমবারের মতো রকেট হামলা চালানো হয়েছে বাগদাদের গ্রিন জোনে। কঠোর নিরাপত্তা বেষ্টিত এ জোনে বৃহস্পতিবারের হামলার তথ্য সেখানকার একটি সূত্রের কাছ থেকে জানতে পারে এএফপি।
এছাড়াও গত ৮ জুন থেকে মার্কিন দূতাবাসের কাছে এটি ছিল দ্বিতীয় দফা রকেট হামলা। অপর হামলাগুলো বাগদাদ বিমানবন্দর, যেখানে মার্কিন সৈন্য রয়েছে এবং রাজধানীর উত্তরের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়।
জানা যায়, সেখানে অবস্থানরত এএফপি’র সাংবাদিকরা কমপক্ষে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর গ্রিন জোনে বিপদ সংকেত বাজানো হয়। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। আগের হামলাগুলোর মতো এবারের রকেট হামলা চালানোর দায়ও কেউ স্বীকার করেনি।
গত অক্টোবর থেকে ইরাকে আমেরিকান স্থাপনা লক্ষ্য করে কমপক্ষে ৩২টি হামলা চালানো হয়। এসব হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরাকের নিরাপত্তা বাহিনীর মধ্যে থাকা ইরানপন্থী বিভিন্ন বাহিনীকে দায়ী করে।
বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাশেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহানদিস নিহত হওয়ায় জানুয়ারিতে ওয়াশিংটন ও ইরাকের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
মার্কিন ড্রোন হামলার জবাবে ইরাক থেকে বিদেশি সকল সৈন্য বহিষ্কারে বাগদাদের পার্লামেন্ট ভোট দিলেও এ সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন হয়নি।
ইত্তেফাক/জেডএইচডি
