ফরিদপুরের আলোচিত দুই ভাই শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফরিদপুরের ১ নং আমলী আদালতের বিচারক ফারুক হোসাইনের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই মাহাবুবুল করিম বলেন, ‘গত ৭ জুন রাতে সাজ্জাদ হোসেন বরকত ও রুবেলের হেফাজত থেকে ৬ বোতল বিদেশি মদ ও ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ঘটনায় কোতয়ালী থানার এসআই কবিরুল হক বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জিজ্ঞাসাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
কোতয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) শহিদুল ইসলাম জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলায় এর আগে গত ১৩ জুন একই আদালত বরকত, রুবেল ও তাদের সাথে গ্রেফতার হওয়া রেজাউল করিম বিপুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়। এরপর মাদক মামলায় রিমান্ড শুনানি হয়।
আরো পড়ুন: চিফ হুইপের নির্দেশনায় শিবচরে জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়ন
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামিরা অ্যাডভোকেট সুবল সাহার বাড়িতে হামলার ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়। এই বর্ণনায় হামলার পরিকল্পনা ও তাদের নেতৃত্ব দেওয়ার বিষয় উঠে আসে। তবে তদন্তের স্বার্থে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাননি।
প্রসঙ্গত, গত ৭ জুন দিবাগত রাতে শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য, নগদ টাকা ও বিদেশি ডলার, পাঁচটি পাসপোর্ট ও ১২’শ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এরপর গত ৮ জুন তাদের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র মামলায় জিজ্ঞাসাদের জন্য আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইত্তেফাক/এএএম
