রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে করোনার সংক্রমণ হতে বাঁচাতে, এই সংকটকে মোকাবিলা করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, সকল প্রক্রিয়ায় স্থানীয় জনসাধারণ, প্রতিষ্ঠান, স্থানীয়-জাতীয় এনজিও এবং জাতিসংঘ সংস্থার অংশগ্রহণ আবশ্যক। গতকাল বৃহস্পতিবার ‘সবার উপরে মানুষ সত্য : কোভিড-১৯ ও রোহিঙ্গা জনগোষ্ঠী’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল এ সেমিনারের আয়োজন করে ‘কোস্ট ট্রাস্ট’।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার বলেন, রোহিঙ্গা শিবিরে ব্যাপকভাবে করোনা সংক্রমণের আশঙ্কাটা আমরা সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে পেরেছি, এ জন্য ভূমিকা ছিল সংশ্লিষ্ট সকলের।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান বলেন, উখিয়া ও টেকনাফের মানুষের প্রয়োজন, চাহিদা স্থানীয় এনজিওগুলো বেশি ভালো বুঝে, তারা সবসময়ই এদের পাশে থাকে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, দুর্যোগ ফোরামের গওহর নউম ওয়ারা, পালসের নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী ্্্্্ও নাহাবের আবদুল লতিফ।
কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ব জুড়ে যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে, তাকে উপলক্ষ্য করে আমাদের অর্থিক সুযোগগুলো নিতে হবে। আর এই মানবিক দৃষ্টান্ত অব্যাহত রাখা জরুরি। রোহিঙ্গা সংকট মোকাবিলায় কর্মসূচি বাস্তবায়নের নেতৃত্ব স্থানীয় প্রতিষ্ঠানের কাছে থাকলে তা টেকসই সমাধানে সহায়ক হবে।

