লাদাখের গালওয়ান নদীতে বাঁধ তৈরি করতে চেয়েছিলো চীন। ভারত-চীন সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর স্যাটেলাইটে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এমন ধারণাই করা হচ্ছে।
গত সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় চীন-ভারত সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ভারতের ২০ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ ভারতীয় সেনা। তবে চীনের পক্ষ থেকে তাদের সেনাদের হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। যদিও ভারত দাবি করেছে যে চীনের ৪৩ সেনা এই সংঘর্ষে হতাহত হয়েছেন।
মঙ্গলবার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায়, গালওয়ান নদীর পাশে ভারী সরঞ্জাম রেখে দিয়েছে চীন। ধারণা করা হচ্ছে, বাঁধ দিয়ে গালওয়ান নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে চাইছিলো চীন। সংঘর্ষের প্রায় এক সপ্তাহ আগে থেকেই চীন এই সরঞ্জাম আনা শুরু করে বলে জানা গেছে।
ভারতীয়দের দাবি, চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা না মেনে ভারতের মধ্যে ঢুকে হামলা চালায়। তবে চীন দাবি করছে, ভারতীয়দের পক্ষ থেকেই উস্কানি দেয়া হয়েছে।
গালওয়ান উপত্যকা একটি শুষ্ক এবং বসবাসের জন্য কঠিন একটি এলাকা। এটি চীনের কাছে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি আকসাই চীনের পাশে অবস্থিত। আকসাই চীন এমন একটি এলাকা যেটি ১৯৬২ সালের যুদ্ধের মাধ্যমে ভারতের কাছ থেকে চীন দখল করে নেয়।
ক্যালিফোর্নিয়াভিত্তিক মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পূর্ব এশিয়া বিষয়ক কর্মকর্তা জ্যাফরেই লেউইস বলেন, ছবি দেখে মনে হচ্ছে চীন কোনো রাস্তা অথবা সম্ভবত বাঁধ নির্মাণ করতে চেয়েছে।
এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, সে এই বিষয়টি নিয়ে অবগত নন। তবে তিনি দাবি করেন যে সীমান্তের বেশ কিছু স্থানে চীনের অংশে ভারতীয় সেনারা সম্প্রতি ঢুকে পড়েছে এবং সেই সব সেনাদের ভারতকে ফিরিয়ে নিতে হবে।
ইত্তেফাক/এআর
