আইভরিকোস্টে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

আপডেট : ১৯ জুন ২০২০, ১২:১০

আইভরিকোস্টের প্রধান নগরী আবিদজানের উপকণ্ঠে বৃহস্পতিবার ভয়াবহ ভূমিধসে ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও অনেক নিখোঁজ রয়েছে। প্রবল বর্ষণের কারণে ড্রেনেজ চ্যানেল ভেঙ্গে পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আবিদজানের কর্মকর্তা ভিনসেন্ট তোহ বি বলেন, এ ভূমিধসে প্রাথমিক ভাবে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি এবং সেখানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।’

তিনি আরও জানান, উপকূলীয় এ নগরীর উত্তরে আনিয়ামা উপকণ্ঠে স্রোতের তোড়ে ২০ টি বাড়ি ভেসে যায়।
স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্ত্রীর বাড়ি ডুবে যাওয়ার পর আবুবকর দাগনন বলেন, ‘আমি আমার তিন বছর বয়সের সন্তানকে হারিয়েছি এবং আমি তার লাশ খুঁজছি।’
আরেক বাসিন্দা জানান, ড্রেনেজ চ্যানেল ভেঙে যাওয়ার পর স্থানীয় সময় সকাল ৮টার দিকে একটি টিলার অংশবিশেষ ধসে পড়ে।

আবিদজানে মে মাসে বর্ষকাল শুরু হয়েছে এবং তা স্বাভাবিকভাবে জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত চলবে।

আবিদজানের কর্মকর্তা জানান, প্রবল বর্ষণের কারণে ইতোমধ্যে সপ্তাহান্তে একজনের মৃত্যু ঘটেছে। সূত্র: এএফপি

ইত্তেফাক/এমআর