লাদাখে ভারত-চীন সীমান্ত হত্যাকাণ্ডে ভারতে এ নিয়ে তুমুল সমালোচনা চলছে। ১৫ জুন মধ্যরাতে লাদাখ সীমান্তে দু'দেশের সেনা সংঘর্ষ শুরু হয়। সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এই প্রেক্ষিতে দেশজুড়ে চীন বিরোধী স্লোগান উঠেছে। দলমত নির্বিশেষে চীনা পণ্য বয়কটেরও ডাক দেওয়া হয়েছে। ভারত চীন কূটনৈতিক সম্পর্কের অবনতি কী বড়সড় প্রভাব ফেলবে আইপিএল-এ? এ নিয়ে চুল ছেড়া বিশ্লেষন চলছে বিসিসিআইয়ে। কারণ আইপিএল মূল স্পনসর চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। ২০১৮ সাল থেকে পাঁচ বছরের জন্য ২১৯৯ কোটি টাকার চুক্তি হয় বিসিসিআইয়ের সঙ্গে।
কিন্তু যদি চিনা পণ্য বয়কট নীতি যদি দেশজুড়ে চালু হয় তাহলে বড়সড় ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। বিসিসিআই-এর সহযোগী স্পনসর পেটিএম এবং সুইগি দুটি সংস্থাতেই চীনা অংশীদারিত্ব রয়েছে। স্পনসরশিপের চুক্তি এবং বাকি চুক্তি বাতিল হলে প্রায় ১৬৭৫ কোটি টাকা ক্ষতি হবে বোর্ডের। এর পাশাপাশি প্রায় হাজার কোটি টাকা ক্ষতির মুখ দেখতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সম্প্রচারকারী সংস্থার মাধ্যমে চীনা সংস্থাগুলির বিজ্ঞাপণের যে রেভিনিউ আসত তা বন্ধ হয়ে যাবে।
তবে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, ‘ভবিষ্যতে ক্রিকেট পরিকাঠামো তৈরির দায়িত্ব কোনো চীনের কোম্পানিকে দেওয়া হবে না। চুক্তি থাকলেও সে বন্ধন ছিন্ন করতে দুবার ভাববে না বোর্ড।’
বোর্ডের এই প্রভাবশালী কর্তা বলেন, ‘কেন্দ্রীয় সরকার যদি এ দেশে চীনের দ্রব্য এবং কোম্পানি নিষিদ্ধ করে, তাহলে আমরা সে নির্দেশ হাসিমুখেই মেনে নেব। কারণ, জনগণের সেন্টিমেন্ট নিয়ে বোর্ড ওয়াকিবহাল।’
ইত্তেফাক/এসআই
