প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা কামাল লোহানীর মৃত্যুতে তার নিজ গ্রাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনতলাসহ উপজেলা জুড়ে শোক বিরাজ করছে। শনিবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে নিজ উপজেলা উল্লাপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সাহিত্য, ক্রীড়া ও নাট্যসংগঠনগুলোর নেতা, কর্মকর্তা কর্মচারীরা শোকবিহ্বল হয়ে পড়েন।
কামাল লোহানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শামীম হাসান, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়, শিল্পকলা একাডেমি উল্লাপাড়া শাখার সম্পাদক সুমিরা শারমিন সুমি, উদীচী শিল্পী গোষ্ঠী উল্লাপাড়া শাখার সম্পাদক মজিবুর রহমান, রিমঝিম কচি কাঁচার মেলার পরিচালক শাহাদৎ হোসেন, এসো গান শিখি সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক রিলা চৌধুরী, এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক কল্যাণ ভৌমিক, উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদসহ উপজেলার বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
আরও পড়ুন: চলনবিলে মা ও পোনা মাছ নিধন রোধে উদ্যোগ নেই, দেদারে শিকার
ছেলে সাগর লোহানী জানিয়েছেন, মরহুমের মরদেহ শনিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি সোনতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মা দীপ্তি লোহানীর (কামাল লোহানীর স্ত্রী) পাশে দাফন করা হবে।
ইত্তেফাক/এসি
