মারা গেছেন অবসরপ্রাপ্ত পিআইডি কর্মকর্তা জাফর আলম

আপডেট : ২০ জুন ২০২০, ১৯:৫১

তথ্য অধিদফতরের সাবেক সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (অব.) জাফর আলম শুক্রবার দিবাগত রাতে ঢাকার মিরপুরে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান৷ আজ দুপুরে মিরপুরে স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

জাফর আলম ১৯৪৩ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন৷  ১৯৭৫ সালে তথ্য অধিদফতরে যোগদান করেন৷ ২০০১ সালে তিনি সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন৷ অনুবাদ সাহিত্যিক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তিনি মোট ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তন্মধ্যে স্মরণীয় বরণীয় জীবনী গ্রন্থ এবং ঐতিহাসিক জীবনী গ্রন্থ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরও রয়েছে।

তথ্য সচিব বেগম কামরুন নাহার জাফর আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তার মৃত্যুতে আরো শোক জানিয়েছে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন। সংগঠনটির সকল সদস্যের পক্ষ থেকে সভাপতি স. ম. গোলাম কিবরিয়া এবং মহাসচিব মুন্সী জালাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন৷ জাফর আলমের মৃত্যুতে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকারও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন৷

ইত্তেফাক/আরএ