নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৭ সদস্য গ্রেফতার

আপডেট : ২১ জুন ২০২০, ১৮:২৯

ইসলামের অপব্যাখ্যা, বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন ও ভ্রান্ত ইসলামী সংগীতের মাধ্যমে সাধারণ মানুষকে উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগে আল্লাহর দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল হান্নান (৪৯), মেহেদী মোর্শেদ পলাশ (২৮), সোহেল হোসেন (৩১), হাসান মাহমুদ (৩৫), নাজমুল হাসান রাজু (২৪), রেজাউল ইসলাম (৩১) ও রবিউল ইসলাম (৩৩)।  

রবিবার (২১ জুন) ভোরের দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থেকে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করণে একটি বই, ৫ মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা, জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করণে লিফলেট, আয়-ব্যয় ও বিভিন্ন হিসাবের ফরমসহ বিভিন্ন ধরনের উগ্রবাদী কাগজপত্র উদ্ধার করা হয়। 

আরও পড়ুনঃ খুলনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি প্রত্যাহার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য বলে স্বীকার করেছে জানিয়ে র‌্যাব-১ এর পরিচালক লে.কর্ণেল শাফী উল্লাহ বুলবুল বলেন, জঙ্গি কার্যক্রমকে জোরদার করার জন্য তারা আর্থিক কাঠামো তৈরী করেছে আল্লাহর দল। সংগঠনটির যাবতীয় আর্থিক মূলধনের একটি বড় অংশ নামে বেনামে দেশের বেশ কয়েকটি ব্যাংকে গচ্ছিত রয়েছে। এ বিষয়ে র‌্যাবের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায়, সর্বোচ্চ পদকে ‘তারকা’ হিসেবে চিহ্নিত করে। এছাড়া কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পর্যায়ক্রমে রয়েছে অধিনায়ক, অতিরিক্ত অধিনায়ক, উপ-অধিনায়ক, যুগ অধিনায়ক, সহ-অধিনায়ক, নিয়ন্ত্রক এবং নির্বাহী। আ লিক কাঠামোতে রয়েছে পর্যায়ক্রমে বিভাগীয় নায়ক, জেলা নায়ক, থানা নায়ক, গ্রাম নায়ক এবং সদস্য। তাদের মতে, বর্তমানে দেশে যুদ্ধাবস্থা চলছে বিধায় তারা ঈদ, কোরবানি, হজ্ব পালন করে না। একই কারণে জুমার নামাজ আদায় করে না কারা। প্রতি ওয়াক্তের শুধুমাত্র ২ রাকাত নামাজ আদায় করে। এমনকি ইসলামের কালেমার সঙ্গে শেষ নবীর নাম যুক্ত করার ক্ষেত্রেও তাদের ভিন্নমত রয়েছে। তারা মনে করে বর্তমান সময়ের জন্য তাদের কারাবন্দী জঙ্গি মতিন মেহেদি আল্লাহর বিশেষ দূত হতে পারে।


ইত্তেফাক/ এমএএম