গতকাল ২১ জুন পলিত হয়ে গেল বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার দিবসটি পালিত হয়। এইদিনে বিশ্বজুড়ে সন্তানেরা বাবার অকৃত্রিম স্নেহ ও ভালোবাসার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানায়।
বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে একটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘বাবা আমার বাবা’ শিরোনামের ওই গানটিতে বিশ্বের সব পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে।
গানটিতে সুরারোপ করেছেন তরুণ সুরকার রোমান রহমান । আর মিষ্টি কণ্ঠে ধারণ করেছেন হাসনাত তাসনিম সংগীতা। শুক্রবার গানটির একটি নতুন মিউজিক ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে। এছাড়া গানটি মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশিত হয়েছে।
আরো পড়ুন: মতলবে করোনা উপসর্গে উপজেলা হিসাবরক্ষণ অফিস কর্মচারীর মৃত্যু
এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, বাবার প্রতি সন্তানের ভালোবাসা চিরন্তন। প্রতিটি মানুষের জীবনে বাবা বটবৃক্ষের ছায়া হয়ে থাকেন। বাবা পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। বাবার সঙ্গে পৃথিবীর আর কারো তুলনা হয় না। সন্তানের জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না তিনি। বিপদে-আপদে তার কাছে আশ্রয় পাওয়া যায়। পাওয়া যায় নিখাদ ভালোবাসা। তাই একজন মানুষের জীবনে বাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ গানটির মাধ্যমে বাবা-সন্তানের মধুর সম্পর্কের বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে। আশা করছি সবার কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।
গানটির ইউটিউব লিংক: https://youtu.be/5sn80d59pG0
ইত্তেফাক/এএএম
