তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে শাকদাহ গ্রামের মোঃ ইউনুস আলী (৪২) নামের এক ব্যক্তির করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। সোমবার সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি শাকদাহ গ্রামের মৃত সামছুদ্দিন সরদারের ছেলে। ঢাকায় বে-সরকারি একটি বায়রিং হাউজের মার্চেন্ডাইজার হিসাবে কর্মরত ছিলেন তিনি।
নিহতের স্বজনরা জানান, কয়েক আগে ঢাকা থেকে বাড়িতে আসেন মোঃ ইউনুস আলী। বেশকিছুদিন জ্বর, সর্দি, কাশিসহ শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন। সোমবার চিকিৎসাধীন অবস্থায় ব্রেনস্ট্রোক করে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক পুত্র সন্তানের জনক ছিলেন। ঢাকা উত্তরাতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। সোমবার মাগরিব নামাজের পরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মল্ল জানান, সোমবার সাতক্ষীরা সদর হাসপাতালে করেনা উপসর্গ নিয়ে ইউনুস আলীর মৃত্যু হয়েছে। তালা উপজেলার শাকদাহ গ্রামের মৃত সামছুদ্দিন সরদারের ইউনুস আলী ঢাকায় একটি বে-সরকারী সংস্থায় কর্মরত।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার সরকার জানান, স্বাস্থ্যবিধি মেনেই ঐ ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়েছে। তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। এনিয়ে সাতক্ষীরা জেলায় ২০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন। এরমধ্যে আগে পাঠানো ১৪টির নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। সব কটির রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তিনি।
ইত্তেফাক/আরকেজি
