চীন-ভারত সেনাদের সংঘর্ষের ভিডিও প্রকাশ

আপডেট : ২৩ জুন ২০২০, ১৮:৪২

লাদাখের রক্তক্ষয়ী সংঘর্ষের উত্তেজনা না কাটতেই সামনে এলো চীন ও ভারতীয় সেনাদের আরেকটি সংঘাতের ভিডিও। 

ভিডিওতে যে ধস্তাধস্তির চিত্র দেখা যাচ্ছে সেটা সিকিমের পর্বতশৃঙ্গ সংলগ্ন সীমান্তের ঘটনা বলে জানায় ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

ছয় মিনিটের ওই ভিডিওতে ভারত-চীন সেনাদের উচ্চস্বরে চিৎকার ও ধস্তাধস্তি করতে দেখা যায়। এসময় গো ব্যাক (ফিরে যাও) এবং ডোন্ট ফাইট (লড়তে এসো না) এসব বাক্য শুনতে পাওয়া যায়।

আরো পড়ুন: সৌদি আরবের রাজধানীতে বড় ধরণের ক্ষেপণাস্ত্র হামলা

ভিডিওচিত্রটি কবে ধারণ করা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি এনডিটিভি।

তবে ভিডিওটি এমন এক সময়ে প্রকাশ্যে এলো, যখন গালওয়ান উপত্যকায় সামরিক কমান্ডিং অফিসার স্তরে চীন-ভারতের বৈঠক হয়। 

গালওয়ান উপত্যকায় ১৫ জুন হওয়া সংঘাত নিয়ে এনডিটিভির খবরে বলা হয়, চীন সেনাদের অধিগ্রহন জমি থেকে সরে যাওয়ার কথা ছিল। সেই কাজ খতিয়ে দেখতে কর্নেল বিএল সন্তোষ বাবুর নেতৃত্বে এলাকা পরিদর্শনে যায় ভারতীয় সেনাবাহিনী। তার সঙ্গে ছিল প্রায় ১০০ জন সেনা সদস্য। 

তারা ১৫,০০০ ফুট উচ্চতায় গালওয়ান উপত্যকায় গিয়ে দেখে সেখানে তাঁবুতে ঘাঁটি গেড়ে বসে আছে চীনা সেনারা। এসময় তাদের বের করে সেই তাঁবু ভাঙতে শুরু করে ভারতীয় বাহিনী। আগুন ধরিয়ে দেওয়া হয় কিছু তাঁবুতে। 

এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে চীনা সেনারা। তারা কাঠের তক্তা, পেরেক লাগানো লোহার রড দিয়ে ভারতীয় সেনাদের পেটায়। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়।

ইত্তেফাক/জেডএইচ