গোপালগঞ্জে ৭৫ লিটার নকল স্যাভলন উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০২০, ১৯:০৮

গোপালগঞ্জে নকল স্যাভলন মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু শহরের  বীণাপাণি স্কুল মোড়ের বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ৩০ হাজার ও নতুন বাজার রোডের মা-বাবা এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন। অভিযান চালিয়ে ওই দুটি প্রতিষ্ঠান থেকে ৭৫ লিটার নকল স্যাভলন উদ্ধার করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, প্রথম বিসমিল্লাহ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। পরবর্তীতে ওই নকল স্যাভলনের মূল ডিলার মেসার্স মা-বাবা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখান থেকেও নকল স্যাভলন উদ্ধার করা হয়। প্রতিটি স্যাভলনের বোতলের পিছনের স্টিকার বদলে উৎপাদন তারিখ পরিবর্তন করা হয়েছে। সেখানে উৎপাদন তারিখ এপ্রিল, ২০২০ করে নতুন স্টিকার লাগানো হয়েছে। এছাড়া মূল কার্টুনের গায়ে স্টিকারে উৎপাদন তারিখ উল্লেখ করা হয়েছে জুন,২০২০। উৎপাদন তারিখ জুন ২০২০ হলেও ওই স্যাভলন বিসমিল্লাহ এন্টারপ্রাইজে ডেলিভারি দেওয়া হয়েছে মে মাসে। 

ওই কর্মকর্তা আরও জানান, স্যাভলন উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই কোম্পানির গোপালগঞ্জের ম্যানেজার  উদ্ধারকৃত স্যাভলন এসিআইর পণ্য নয় বলে নিশ্চিত করেন। 


ইত্তেফাক/ইউবি