পাকিস্তানের হাইকমিশনের অর্ধেক কর্মীকে ফেরত পাঠাচ্ছে ভারত

আপডেট : ২৩ জুন ২০২০, ২১:৩৫

 নয়া দিল্লির পাকিস্তান হাইকমিশন থেকে ৫০ শতাংশ কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাশাপাশি ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকেও ৫০ শতাংশ কর্মী কমানো হবে বলে জানা গেছে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়। 

সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়া দিল্লির পাক হাইকমিশনের দুই কর্মীকে বহিষ্কার করা হয়।  এর জবাবে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের দুই কর্মীকে হয়রানি এবং গ্রেফতারের ঘটনা ঘটে। এরপরই ভারতের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হলো।  

এই বিষয়ে একটি বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গুপ্তচরবৃত্তি এবং বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনের যোগসাজশ রয়েছে । গত ৩১ মে দুই হাই কমিশন কর্মী হাতেনাতে ধরা পড়া এবং বহিষ্কারই তার প্রমাণ। 

গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়া দিল্লির পাক হাইকমিশনের দুই কর্মী, আবিদ হোসেন এবং মোহাম্মদ তাহিরকে আটক করার পরে তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বহিষ্কার করা হয়েছিল। এর পরেই ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের দুই কর্মীকে বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়।

   পাক গোয়েন্দারা রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওই দু’জনের উপর অত্যাচার চালায় বলেও ভারতের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। এই ঘটনার পর  ওই দুই কর্মীকে ফিরিয়ে আনে  ভারত । এনডিটিভি। 

ইত্তেফাক/এআর