জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইমান আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি তালা উপজেলার কুমিরা গ্রামে।
মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার বুধবার সকালে জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ইমান আলী গত সোমবার হাসপাতালে আসেন। তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, ইমান আলী ডায়াবেটিস, রক্তচাপসহ অন্যান্য রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
এদিকে সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় একজন চিকিৎসক, একজন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ ছয়জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন কলারোয়া, দুজন কালীগঞ্জ ও দুজন দেবহাটা উপজেলার। এ নিয়ে জেলায় ১১২ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।
ইত্তেফাক/ইউবি
