শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সুরিহাড়া-বালিয়াচন্ডী রাস্তার কোনাগাঁও কাটাখালী নদীর ওপর ব্রিজটি ভেঙে গেছে প্রায় এক যুগ আগে। নতুন ব্রিজ নির্মাণ তো দূরের কথা এখনও কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। এ পথে যাতায়াতকারী হাজারও মানুষের দুর্ভোগ চরমে। ঝুঁকিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় ১০টি গ্রামের মানুষের।
জানা গেছে, দেশ স্বাধীনের পর এলজিইডি এ নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করে। ২০০৮ সালে পাহাড়ি ঢলের পানির তোড়ে ব্রিজটি ধসে যাঅয়। তখন থেকে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ ব্যবস্থা চালুর ব্যাপারে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ব্রিজের পাশ দিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে শিক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এ সাঁকোতে পারাপার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
আরও পড়ুন: করোনাকালের এক উদ্যোক্তার গল্প
গ্রামবাসীরা জানান, আমাদের পারাপার, গবাদী পশু আনানেওয়া, মালামাল পরিবহণসহ শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে।
ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন বলেন, ব্রিজ নির্মাণের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিভিন্ন সময় আলোচনা হয়েছে। আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি।
উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, ওই ব্রিজ নির্মাণের বিষয়ে ডিজাইনের কাজ চলছে। তা সম্পন্ন হলেই নির্মাণ কাজ করা হবে।
ইত্তেফাক/এসি
